নিজস্ব প্রতিবেদক:জ্বালানি সংকটের জন্য বিএনপি সরকার দায়ী নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেছেন, এ কর্মসূচি জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা)-এর পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, এ ধরনের কর্মসূচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিরোধী দলের রাজনীতিতে এক ধরনের শূন্যতা ও ঘাটতি তৈরি হয়েছে। মানুষের সামনে নিজেদের উপস্থিতি তুলে ধরতেই তারা লংমার্চের কর্মসূচি নিয়েছে। তবে এর কোনো যৌক্তিকতা নেই এবং জনগণের কাছেও এটি গ্রহণযোগ্য হবে না।
জ্বালানি সংকটের বিষয়ে বিএনপি সরকারের দায় অস্বীকার করে তিনি বলেন, বাংলাদেশ থেকে গ্যাস পাচার করে এ সংকট তৈরি করেনি বিএনপি সরকার। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে এ সংকটের সৃষ্টি হয়েছে। জ্বালানি আমদানির গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে যুদ্ধ চলায় সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।
রিজভী বলেন, সরকার জ্বালানির বিকল্প উৎস খুঁজছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতিও অনেকটা স্থিতিশীল হয়েছে।
বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, সরকার একের পর এক যেসব পদক্ষেপ নিয়েছে, তা আপনারাই জানেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাপান সফর করেছেন। এর আগে তিনি চীন সফর করেন। এসব সফরের মাধ্যমে দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, সমাজে যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে। কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। বর্তমান পরিস্থিতির চেয়ে অতীতে কখনো ভালো পরিস্থিতি ছিল কি না, তা সমালোচকদের জানাতে বলেন তিনি।

